‘ট্রাম্পের হুমকিতে ইরান ধ্বংস হবে না’ – তেহরান
ট্রাম্পের হুমকিতে ইরান ধ্বংস হবে না – তেহরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ গণহত্যার হুমকি ‘ ইরানকে ধ্বংস করতে পারবে না ।
জারিফ এক টুইট বার্তায় লিখেছেন , ‘ ইরানীরা যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে । বরং আগ্রাসীরা পিছু হটেছে । অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও গণহত্যার কোন হুমকিই ইরানকে ধ্বংস করতে পারবে না । ‘
তিনি আরো বলেন , ‘ কোন ইরানীকেই ভয় দেখাবেন না । বরং সম্মান করার চেষ্টা করুন । এতে কাজ হবে ।‘
টুইটারের অপর এক বার্তায় জারিফ কূটনীতিকে ধ্বংস করতে ট্রাম্প তার দলকে সুযোগ ও ব্যাপক অস্ত্র বিক্রির মাধ্যমে স্বৈরাচারী শাসকদের যুদ্ধাপরাধে মদদ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেন ।
ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর তিনি এ পোস্ট দেন । ট্রাম্প রোববার বলেন , ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন জায়গায় হামলা চালালে তেহরান ধ্বংস হয়ে যাবে ।
ট্রাম্প ওই দিনই টুইট বার্তায় বলেন , ‘ ইরান যুদ্ধ করলে তাদের আনুষ্ঠানিক পতন ঘটবে । যুক্তরাষ্ট্র কখনো দ্বিতীয়বার হুমকি দেয় না ।‘
এদিকে সোমবার ইরানের দেয়া তাৎক্ষণিক হুমকির ব্যাপারে অপেক্ষাকৃত নমনীয় ট্রাম্প বলেন , তেহরান প্রথমে পদক্ষেপ নিলে তিনি আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন ।
ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানকে সতর্ক করে বলেন , যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন জায়গায় হামলা চালালে সামরিক ভাবে তেহরানকে জবাব দেয়া হবে । খবর এএফপি’র ।
ছবিঃ সংগ্রহ

