অবৈতনিক করা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষা
অবৈতনিক করা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষা
ষষ্ঠ শ্রেণীর শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক । এই সিদ্ধান্তের ফলে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কোন টিউশন ফি দিতে হবে না । শিক্ষার্থীদের পক্ষ হতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে টিউশন ফি পরিশোধ করবে সরকার ।
বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে প্রায় ২৩ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী রয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এসব শিক্ষার্থী বিনাবেতনে পড়ালেখা করার সুযোগ পাবে । আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয় ।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) জাবেদ আহমেদ এ বিষয়ে বলেন, সরকার পর্যায়ক্রমে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করবে। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ শ্রেণির শিক্ষা অবৈতনিক করা হবে। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে (এসইডিপি) এই টিউশন ফি খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।
আগামী ৬ অক্টোবর এসইডিপির অধীনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টিউশন ফি সুবিধা প্রদান সংক্রান্ত বিষয়ে সভা আহ্বান করা হয়েছে। সেখানে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের ডাকা হয়েছে। কোন পদ্ধতিতে এবং কী ভাবে ষষ্ঠ শ্রেণির টিউশন ফি পরিশোধ করা যায়, সে ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে ।
ছবিঃ সংগ্রহ

