বাংলাদেশ ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আপাতত স্থগিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হচ্ছে। বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। পরে তারা এই সফরের উপযুক্ত সময় নির্ধারণ করবেন।

আগামী জুনে দুই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক মহামারির পরিপ্রেক্ষিতে এই সফরটাও স্থগিত করা হলো।

কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন নিজেই বলেছেন, এই সিরিজটা যে স্থগিত হবে, সেটা বুঝতে আইনস্টাইন হতে হয় না। শেষ পর্যন্ত সেই অনুমানটাই বাস্তব হলো।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বাস্তবতায় সিরিজ স্থগিত করাই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত, বলছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, দুই দেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এটি স্বাভাবিক ভাবেই হতাশার। তবে কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে বৈশ্বিক চিত্র ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতির যে অবস্থা, তাতে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া একমত হয়েছে যে এটিই সবচেয়ে বিচক্ষণ ও বাস্তবিক সিদ্ধান্ত। আমাদের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং নিকট ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি আমরা আয়োজন করতে পারব।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, সফর বাতিল করা সবসময়ই দুঃখজনক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। তাদের খোলামেলা, বাস্তব ও দায়িত্বপূর্ণ আলোচনাই আমাদের ঐকমত্যে পৌঁছাতে সহায়তা করেছে।

এই নিয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে পিছিয়ে গেল বাংলাদেশের তিনটি সিরিজ। এই এপ্রিলেই একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। মে মাসে যুক্তরাজ্য সফরে আয়ারল্যান্ডের সঙ্গে ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। স্থগিত হয়ে গেছে সিরিজ দুটি। বিশ্বজুড়েই স্থগিত বা বাতিল হয়ে গেছে অনেক খেলা, টুর্নামেন্ট।

ছবিঃ সংগ্রহ

আরও খবর