আগামী দু’তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে
আগামী দু’তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে । মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সারাদেশে আরও ২ থেকে ৩ দিন মাঝারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে । পরবর্তী ৭২ ঘণ্টা পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে । অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে । গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ১৬৫ মিলিমিটার , চট্টগ্রামে ১৪৫ মিলিমিটার এবং কুতুবদিয়ায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
রংপুর , ময়মনসিংহ , বরিশাল , চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী , ঢাকা , ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এসব এলাকার স্থানীয় নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ।
মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব , হরিয়ানা , উত্তর প্রদেশ , বিহার , হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে ।
ছবিঃ সংগ্রহ

