কাস্টমস ডে

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস

আজ ২৬ জানুয়ারি রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালিত হবে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি হবে। র‌্যালিটি সেগুনবাগিচা রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাকরাইল রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে দুদক-শিল্পকলা হয়ে রাজস্ব ভবনে এসে শেষ হবে। এতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিল্পী, খেলোয়াড, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বিকাল ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি হলে সেমিনারের আয়োজন করা হয়েছে।এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন।

দিসবটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। তারা বাণীতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজস্ব আহরণের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশীয় শিল্প সুরক্ষা, পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিবছরের ন্যায় এবারও দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর