এসএসসি পরীক্ষা

আজ থেকেই এইচএসসি’র ফল রিভিউয়ের আবেদন করা যাবে

পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শনিবার (৩০ জানুয়ারি)। রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় ফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করেন।

তবে প্রকাশিত ফলাফলে আপত্তি থাকলেও রিভিউয়ের সুযোগ থাকবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষিত ফলাফলে যারা সন্তুষ্ট হতে পারেননি তারা আজ রোববার থেকেই রিভিউয়ের আবেদন করতে পারবেন।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ফল প্রকাশের দিন শনিবার (৩০ জানুয়ারি) কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। 

যেখানে বলা হয়, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গত ২৬ জানুয়ারি পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। রাষ্ট্রপতির সম্মতির পর বিল তিনটি আইনে পরিণত হয়। করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়। পরে জেএসসি এবং এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর