আজ থেকে বসছে হাইকোর্ট বেঞ্চ
আজ থেকে বসছে হাইকোর্ট বেঞ্চ
আজ বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে বসছে হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও চলবে বিচারকার্য। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চ গঠন করেন।
এর আগে গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় আলোচনার পর এমন সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।
ওই সভায় হাইকোর্ট বিভাগের প্রায় ৪০ জন বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নয়, তাদের ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শারীরিক উপস্থিতিতে নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতিকে দু’দফা চিঠি দেওয়ায় এই সভা ডাকা হয়।
যেখানে ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিলের পক্ষে মত দেন অধিকাংশ বিচারপতি। তবে, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের সব বিচারপতিদের নিয়ে ওই দিন বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশের সকল নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জরুরি মামলার বিচারকার্য পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে।
কিন্তু নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এ পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে সারা দেশে নিয়মিতভাবে নিম্ন আদালত খুলে দেওয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক উপস্থিতির মাধ্যমে আগামী ১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে নিয়মিত বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনায় ১৮ বেঞ্চ সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক উপস্থিতি ছাড়া ১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাইকোর্টের ৩৫ বেঞ্চে প্র্যাকটিস নির্দেশনা মেনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৩৫ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

