স্বর্ণ স্বর্ণ

আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা। অপরিবর্তিত রয়েছে রূপার দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৫ আগস্ট) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এর স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস ৬ আগস্ট থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

এর আগে, স্বর্ণের দাম বাড়ানো হয়েছে চলতি বছরের ২৪ জুলাই। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ২১৫ টাকা। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৪ হাজার ৬৬ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৬৩৪ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬৫ হাজার ৩১৮ টাকা। বর্তমানে দাম রয়েছে ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৯৯৫ টাকা। গতকাল বুধবার পর্যন্ত দাম রয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর