ওমান সুলতান

ওমানের সুলতানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ সোমবার দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

রোববারে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একদিনের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে শোক পালনের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

বিবৃতিতে বলা হয়, সোমবার সব সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওমানি সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতোমধ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ গত ১০ জানুয়ারি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।

সুলতান কাবুস বিন সাইদ ছিলেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘজীবী আরব শাসক। বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে সরাসরি জানানো না হলেও ধারণা করা হচ্ছিল তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর