আইএলও

করোনায় আড়াই কোটি মানুষ বেকার হতে পারে – আইএলও

করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষ বেকার হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

গতকাল বুধবার বিশ্ব অর্থনীতির ওপর করোনার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে একথা জানায় আইএলও।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিশ্বের অর্থনৈতিক মন্দা ২০০৮ সালের পরিস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে এবং শ্রমজীবী শ্রেণির মানুষের আয় মারাত্মকভাবে কমে যাবে।

এই পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি দেশকে এখনই এ ব্যাপারে করণীয় ঠিক করে তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাস মহামারির প্রভাব খুব স্বল্পমাত্রায় হলে চাকরি হারাতে পারেন কমপক্ষে ৮০ লাখ মানুষ। আর এর প্রভাব উচ্চমাত্রায় হলে এ সংখ্যা দাঁড়াবে দুই কোটি ৪৭ লাখে। তাদের জরিপ অনুযায়ী ২০০৮-০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় বেকার হয়েছিলেন দুই কোটি ২০ লাখ মানুষ।

আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, করোনা ভাইরাস শুধু বৈশ্বিক স্বাস্থ্য সংকট না, এটা বৈশ্বিক শ্রমবাজার এবং অর্থনীতির সংকট। মানুষের ওপর এর ভয়ানক প্রভাব পড়ছে। ২০০৮ সালে সারাবিশ্ব সংকট থেকে উত্তরণে সমন্বিতভাবে লড়াই করেছিল। যার কারণে ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছিল। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণেও তেমনই নেতৃত্ব দরকার।

গত বছর উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ দুই হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজার মানুষ সুস্থ হয়ে হাসাপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, এই ভাইরাসের কারণে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর