ক্যাম্পাস গুলোতে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখুন – রাষ্ট্রপতি
ক্যাম্পাস গুলোতে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখুন – রাষ্ট্রপতি
দেশের বিশ্ববিদ্যালয় গুলোর ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ , সহ – পাঠ্যক্রমিক কার্যক্রম ও গবেষণা কার্যক্রম নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ।
রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. শিরিন আক্তার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান । পরে রাষ্ট্রপতির সচিব জয়নাল আবেদিন এ সম্পর্কে ব্রিফ করেন ।
বর্তমান যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ উল্লেখ করে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কেবল শিক্ষা কার্যক্রমে সীমাবদ্ধ না রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা কর্মকাণ্ডের ওপর জোর দেন ।
রাষ্ট্রপতি যে কোন বিশ্ব মানের প্রতিযোগিতায় অংশ নিতে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে গবেষণা বিষয়ে বিশেষ কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন ।
সাক্ষাতের সময় এসইউএসটি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশেষ করে একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং ২০১৪ -১৫ অর্থ বছরের একটি বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন ।
প্রফেসর ফরিদ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানান । রাষ্ট্রপতি তাদের কথা মনোযোগ সহকারে এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন । সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন ।
ছবিঃ সংগ্রহ

