চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র খুলছে আজ থেকে
চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র খুলছে আজ থেকে
করোনা সংক্রমণের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র খুলছে আজ থেকে। তবে দর্শনার্থীদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধানসহ মানতে হবে ১৯টি শর্ত।
গত বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্রসৈকতও উন্মুক্ত থাকবে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৯ মার্চ চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র, পিকনিক স্পট বন্ধের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এদিকে দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি চলছে বলে জানান নগরের ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালনার দায়িত্বে থাকা কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির উপব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ।
তিনি বলেন, এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আর খোলার পর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আগত দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। জীবাণুনাশক ছিটানো হবে।
ছবিঃ সংগ্রহ

