কাবা

চলতি বছর ৬০ হাজার মানুষকে হজ্জ পালনের অনুমতি দেবে সৌদি আরব

চলতি বছর বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মানুষকে হজ্জ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে করোনা সংক্রমণ এড়াতে কয়েকটি শর্ত পালন বাধ্যতামূলক করেছে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছে হারামাইন ডটইনফো।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাইরে থেকে ৪৫ হাজার মুসলিমকে হজ্জ পালনের সুযোগ দেওয়া হবে। আর সৌদি আরবের অভ্যন্তর থেকে ১৫ হাজার জন হজ্জ পালনের অনুমতি পাবেন।

আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হজ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের হজ্জে অংশগ্রহণের জন্য এবার বিশ্ব মুসলিমদেরকে সুযোগ দেবে সৌদি। তবে করোনার কারণে সময় সংক্ষিপ্ত করা হবে। সেই সঙ্গে হজ্জ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।

শর্তগুলো হচ্ছেঃ

১. হজ্জ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।

২. হজ্জ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. হজ্জ পালনকারীদের প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজ্জের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে থাকতে হয়নি।

৪. হজ্জে যাওয়ার আগে অবশ্যই করোনাভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে।

৫. গৃহীত টিকা অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত হতে হবে।

৬. হজ্জে আসার সঙ্গে সঙ্গে বিদেশিদের ৩ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

৭. টিকার প্রথম ডোজটি অবশ্যই ঈদুল ফিতরের আগে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।

৮. সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।

হাজিদের উদ্দেশে আরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। হজ্জের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে এসব নিয়ম মেনে চলতে হবে হাজিদের।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ্জ পালন করা হয়। সেসময় সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর