চীন থেকে আজ ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা
চীন থেকে আজ ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা
চীনের উহানে আটকে থাকা ৩৬১ জন বাংলাদেশির মধ্যে ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। শনিবার সকালে বিমানটি বাংলাদেশিদের নিয়ে চীন ত্যাগ করে।
আজ দুপুরে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হবে। অন্তত দু’সপ্তাহ সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তারা। করোনাভাইরাসের শঙ্কা দূর না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে কাউকে দেখা না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
চীন থেকে দেশে ফিরতে শিক্ষার্থীসহ ১৯টি পরিবার, ১৮ শিশু এবং দুই বছরের কম বয়সী দুই শিশুসহ ৩৬১ জন নিবন্ধন করে। এর মধ্যে চূড়ান্তভাবে ৩১২ জনের তালিকা নিশ্চিত করা হয়।
এদিকে, চীনে নতুন করে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। যাদের মধ্যে ২৪৯ জনই করোনার উৎপত্তিস্থল উহান শহরের নাগরিক। বাকিরা দেশটির অন্যান্য শহরের বলে জানিয়েছে হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্তের সংখ্যা প্রায় বারো হাজার।
ছবিঃ সংগ্রহ

