জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার পরামর্শ আইইডিসিআর’র
জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার পরামর্শ আইইডিসিআর’র
জরুরি প্রয়োজন ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর।
আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই পরামর্শ দেন।
তিনি বলেন, ভ্রমণের ক্ষেত্রে যে কোনো দেশের সাবধানতা অবলম্বন করা উচিত। চীনের বাইরে রোগীর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। চীন ভ্রমণ করেনি এমন লোকের আক্রান্তের সংখ্যাও বাড়ছে। কোথা থেকে এটা সংক্রমিত হচ্ছে সেটাও এখন আর জানা যাচ্ছে না।
দেশে এখনো করোনায় কেউ আক্রান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, কেউ সংক্রমিত হলেও মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে।
তিনি জানান, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে জানা গেছে, ৫ জন বাংলাদেশী নাগরিক করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১ জন আইসিইউ এবং ৪ জন কোয়ারেন্টিনে আছেন।
তার মতে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। অত্যাবশ্যকীয় ভ্রমণের ক্ষেত্রে কভিড-১৯ প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে কোনো বিষয়ে আইইডিসিআরের হটলাইনে ফোন করে জেনে নেওয়া যাবে।
তিনি আরো বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে এ যাবত সন্দেহজনক ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের কারও নমুনাতে করোনা পাওয়া যায়নি। চীন থেকে ফেরত সবাই সুস্থ আছেন।
ছবিঃ সংগ্রহ

