সিটি কর্পোরেশন।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নাম ঘোষণা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আওয়ামী লীগর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।  

আজ বেলা ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৫ জন এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪ জন কাউন্সিলরের নাম ঘোষণা করেন। গত শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদ প্রত্যাশীসহ কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দলের কাছে জমা দেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন মেয়র এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন।

সাঈদ খোকন বাদ যাওয়ার কারণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা একসেপটেবল এবং পপুলার তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জানান, মহিলা কাউন্সিলরদের ব্যাপারে আজ সন্ধ্যা ছয়টায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মেয়র প্রাথীর নাম ঘোষণার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

 এদিকে বিএনপি উত্তর সিটিতে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর