কাবা

তারাবিহ ও ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

করোনা ভাইরাস সংক্রমণের কারণে আসন্ন রমজানে সব ধরনের ইবাদত ও ঈদুল ফিতরের নামাজ বাড়িতেই পড়া উচিত বলে জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল ইল শাইখ। শুক্রবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ (গ্র্যান্ড মুফতি) এ আহবান জানান। খবর দৈনিক ওকাজ। 

তারাবিহ ও ঈদের নামাজ বাড়িতে পড়ার আহবান জানানোর পাশাপাশি কারও মৃত্যু হলে জানাজার নামাজেও বেশি মানুষের সমাগম না করার আহবান জানিয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়।

দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসন্ন রমজানে মসজিদে তারাবিহ নামাজের জামাত হবে না। জমায়েত নিষিদ্ধের সঙ্গে সঙ্গতি রেখে এই সতর্কতা নেওয়া হয়েছে। সে কারণে জানাজার নামাজ কবরস্থানে অনুষ্ঠিত হবে আর মৃতের পরিবারের ছয় জনের বেশি এতে অংশ নিতে পারবেন না। আর বাকিরা নিজ নিজ বাড়িতে জানাজা পড়ে নেবে।

মুফতি শাইখ আবদুল আজিজ আল ইল শাইখ বলেছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে নেওয়া পদক্ষেপের কারণে তারাবিহের নামাজ মসজিদে পড়া সম্ভব না হলে তা বাড়িতেই পড়তে হবে। ইফতার এবং ঈদের জামাতের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে বলে জানান তিনি।

করোনা ভাইরাসে সৌদি আরবে ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু বরণ করেছেন ৮৭ জন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর