তিন হাজারের বেশি হাজতিকে সাময়িক মুক্তি দেওয়ার প্রস্তাব
তিন হাজারের বেশি হাজতিকে সাময়িক মুক্তি দেওয়ার প্রস্তাব
করোনা সংক্রমণ রোধে তিন হাজারের বেশি হাজতিকে সাময়িক মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কারা অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন আজ বুধবার দুপুরে বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে এই প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চলতি সপ্তাহে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, যাদের মামলা এখনও বিচারাধীন, জামিনযোগ্য অপরাধ হলে এদের জামিন দেওয়া যায় কি না। জামিনযোগ্য ছোট-খাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের সামান্য বেশি হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দিয়েছি।
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। চীনসহ কয়েকটি দেশের কারাগারে এর আগে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটেছে। ঝুঁকি এড়াতে ইরানও এর আগে বিশেষ ব্যবস্থায় বন্দিদের সাময়িক মুক্তি দিয়েছে।
দেশের ৬৮টি কারাগারের ৯০ হাজারের মত বন্দি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসে কোনো বন্দি আক্রান্ত হননি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০ জন বন্দিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারীর আকারে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সাড়ে আট লাখ মানুষ এবং এপর্যন্ত ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ছবিঃ সংগ্রহ

