দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সোমবার সকাল ৯টায় বৈঠক করে নতুন দাম নির্ধারণ করে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৯ হাজার ৯৭০ টাকা। ওই দিন প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ৬৯১ টাকা। নতুন করে দাম কমায় দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ২ হাজার ১৫৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার অলংকারের দামও কমিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার অলংকার ৩৮৫ টাকা, ২১ ক্যারেট ৩৭০ টাকা, ১৮ ক্যারেট ৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
ছবিঃ সংগ্রহ

