দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বেড়েছে। ফলে আজ বুধবার থেকে ২২ ক্যারেট স্বর্ণ ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়। পরে এই তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সর্বশেষ গত ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।
দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দর পতন এবং নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সক্ষমতার অভাব এবং নানান দাপ্তরিক জটিলতার কারণে চাহিদা অনুযায়ী সোনা আমদানি না হওয়াকেও দাম বাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৭১ হাজার ৫০০ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৬২ হাজার ৭৫২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ভালো মানের স্বর্ণ ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৯ হাজার ৫১৭ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় ৬০হাজার ৭৬৯ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।
ছবিঃ সংগ্রহ

