দেশের বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হলো। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে ২১ জুলাই থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের এক ভরির দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো এতো বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।
রেকর্ড ওই দাম নির্ধারণের পর এখন দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হলো। বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি সোনার গহন কিনতে ক্রেতাদের ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা গুণতে হবে।
ছবিঃ সংগ্রহ

