স্বর্ণ স্বর্ণ

দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়ে গেছে

দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে।

সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা। রোববার (৮ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের কম সময়ের মধ্যে দেশের বাজারে পাঁচ দফা দাম বাড়লো। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এই ধাতুটির দাম। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯০ হাজার টাকা স্পর্শ করেনি।

এবার রুপার দামও বাড়ানো হয়েছে। মান অনুযায়ী ভরিতে রুপার দাম বাড়ানো হয়েছে ১১৭ টাকা থেকে ১৯৯ টাকা পর্যন্ত।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শুক্রবার (৭ জানুয়ারি) বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ২৪১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়েছে।

২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৯৯ বাড়িয়ে এক হাজার ১ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর