দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড এডুকেশন বাস্তবায়নের আহ্বান ইউজিসি’র
দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড এডুকেশন বাস্তবায়নের আহ্বান ইউজিসি’র
দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসির উদ্যোগে ‘আউটকাম বেইজড এডুকেশন বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান ।
উচ্চশিক্ষায় কাঠামোগত পরিবর্তন দরকার- এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার পুরাতন ধারা থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষকদের পেশাগত জ্ঞান বৃদ্ধি ও মনোজগতে পরিবর্তন করা প্রয়োজন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করা ও বিশ্ব র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের স্থান পেতে করণীয় বিষয়গুলো নিয়ে কাজ করছে ইউজিসি। এ লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয়সমূহে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ওবিই সফলভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষা ও গবেষণায় দেশ এগিয়ে যাবে এবং বিশ্ব র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত স্থান অর্জন করা সম্ভব হবে। উন্নত সমাজ বিনির্মাণে গুণগত ও জীবনমুখী শিক্ষার কোন বিকল্প নেই। ওবিই এ লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি জানান ।
কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ- এর সভাপতিত্বে কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
ছবিঃ সংগ্রহ

