দেশে ফিরেছে বিশ্বকাপ জয়ী অনূর্ধব-১৯ ক্রিকেট দল
দেশে ফিরেছে বিশ্বকাপ জয়ী অনূর্ধব-১৯ ক্রিকেট দল
দেশে ফিরেছে প্রথম বিশ্বকাপ জয়ী অনূর্ধব-১৯ জাতীয় ক্রিকেট দল। বুধবার বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশের মাটিতে অবতরণ করে জুনিয়র টাইগাররা।
বিমান বন্দরে তরুন ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা জানায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
ক্রিকেটারদের বরণ করে নেয়ার সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের খেলাধুলার ইতিহাসে এটি সেরা অর্জন। ছেলেরা যে অর্জন বয়ে নিয়ে এনেছে তা নিয়ে আমরা গর্বিত। তারা গোটা জাতিকে গৌরবান্বিত করেছে। আশা করি দলটি দেশের জন্য আরো সফলতা বইয়ে আনবে।
পরে মোটর শোভাযাত্রা সহকারে যুব দলকে বিমান বন্দর থেকে নিয়ে আসা হয় হোম অব ক্রিকেট শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় বিপুল সংখ্যক সমর্থক ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত করে তোলে গোটা স্টেডিয়াম এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে তারা নিজ বাড়ীর উদ্দেশ্য যাত্রা করবেন।
দক্ষিন আফ্রিকায় গত রোববার অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির নেতৃত্বে টুর্নামেন্টের ২২ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপা জয় করল বাংলাদেশ। এটি ক্রিকেটের যে কোন পর্যায়ে বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা।
রাসেল বলেন, এই দলটিকে আমাদের ভালভাবে পরিচর্যা করতে হবে। তাদের মধ্যে যে মেধা রয়েছে তার প্রমান দিয়েছে। এখন তাদেরকে সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদের।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো তারা। তবে ২০২০ সালে শিরোপা অর্জন করে বাংলাদেশ দল।
ছবিঃ সংগ্রহ

