কাবা

পুরুষ বা মাহরাম ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা

নারীদের ওমরাহ পালনে দীর্ঘদিনের রীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। সেটি হলো একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের। খবর, গালফ নিউজ।

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ্জ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে তাদের। শারীরিক কোনো অসুস্থতা থাকলেও তাদের আবেদন বাতিল হবে।

মন্ত্রণালয়টি বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ্জ করেননি তারা চলতি বছরে হজ্জের জন্য নিবন্ধন করতে পারবেন।

গত বছর সৌদি আরবের হজ্জ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‌‌মাহরাম ছাড়াই হজ্জ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।

সৌদি নারীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে শুরু থেকেই সহায়ক ভূমিকা রাখছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় আসার পর সৌদি নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

ছবিঃ সংগ্রহ

আরও খবর