পেঁয়াজ

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

ভারত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে । ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক শাখা রোববার এই নিষেধাজ্ঞা আরোপ করে ।

সরকারি এক ঘোষণায় বলা হয় , পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। তাই এখন থেকে সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে ।

ভারতের দিল্লি ও মুম্বাইতে পেঁয়াজের খুচরা মূল্য ইতিমধ্যে ৭০-৮০ রুপি । বেঙ্গালুরু ও চেন্নাইতে প্রতি কেজি ৬০ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মহারাষ্ট্রের মতো বন্যা কবলিত হওয়ায়, অন্যান্য রাজ্যগুলোতেও পেঁয়াজের জোগান বা সরবরাহ ব্যাহত হওয়ায় সেখানেও দাম বেড়েছে ।

গত কয়েক মাসের তুলনায় দেশটিতে পেঁয়াজের পাইকারি মূল্য কুইন্টাল প্রতি এক হাজার রুপি বৃদ্ধি পেয়েছে। চার বছরের মধ্যে মূল্যবৃদ্ধিতে রেকর্ড ছুঁয়েছে এ নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি । শুধু গত ছয় মাসেই কেজি প্রতি দাম বেড়েছে ২৫ রুপি ।

দেশজুড়ে ৫০,০০০ টন অতিরিক্ত পেঁয়াজ মজুত করেছে ভারত সরকার। রপ্তানি বন্ধ করতে এবং দাম কমাতে এর আগে ১৩ সেপ্টেম্বর পেঁয়াজের রপ্তানিতে প্রতি টন ৮৫০ ডলার রপ্তানিমূল্য ধার্য করেছে ডিজিএফটি। অবশেষে রবিবার দেশের আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থাটি সব ধরনের পেঁয়াজ রপ্তানি অতিদ্রুত বন্ধ করার ঘোষণা দিয়েছে

সরকারি হিসাবে বাংলাদেশে বছরে পেঁয়াজের উৎপাদন হয় ১৭ থেকে ১৯ লাখ মেট্রিক টন । এতে চাহিদা পূরণ না হওয়ায় আমদানি করতে হয় ৭ থেকে ১১ লাখ মেট্রিক টন। যার   বেশিরভাগই আমদানি হয় ভারত থেকে ।

দেশের চাহিদা মেটাতে ভারতের পাশাপাশি মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানির এলসি খোলার কথা বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন এক সপ্তাহ আগে জানিয়ে বলেছিলেন, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, দাম দ্রুত কমে আসবে।  আর এর মধ্যেই রোববার ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এলো।

ছবিঃ সংগ্রহ

আরও খবর