বঙ্গবন্ধু স্যাটেলাইটের (বিএস- ১) বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে আজ
বঙ্গবন্ধু স্যাটেলাইটের ( বিএস- ১ ) বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে আজ
বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর সফল উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপনের পর আজ থেকে শুরু হতে চলেছে এর বাণিজ্যিক কার্যক্রম ।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের ( বিএস- ১ ) বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ( বিসিএসসিএল ) ইতোমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে বলে জানা গেছে ।
বিসিএসসিএল- এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন , কয়েকমাসের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিক ভাবে এর বাণিজ্যিক কাজকর্ম শুরু করা হচ্ছে ।
তিনি বলেন , এ ব্যপারে আমরা টেলিভিশন চ্যানেল গুলোর সাথে অন্যান্য চুক্তিও স্বাক্ষর করবো । বিএস- ১ থেকে সেবা পেতে চ্যানেল গুলোর কোন রকম আর্থ স্টেশন স্থাপনের প্রয়োজন হবে না ।
টেলিভিশন চ্যানেলের আর্থ স্টেশন স্থাপন অনেক ব্যয়বহুল হওয়ায় বিএস- ১ এর ভূ-কেন্দ্রের সঙ্গে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ স্থাপন করছে বিসিএসসিএল ।
গত বছর ১২মে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে । গত বছর ৪ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ম্যাচটি পরীক্ষামূলক ভাবে সম্প্রচার করে । এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চ্যানেলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে সম্প্রচার করা হয় । দেশের প্রথম ডাইরেক্ট-টু-হোম ( ডিটিএইচ ) সেবার উদ্বোধনও করা হবে আজ । বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ‘ আকাশ ‘ নামের এই সেবাটি আনছে ।
বিসিএসসিএল চেয়ারম্যান জানান , বেক্সিমকো ‘ আকাশ ‘ ডিটিএইচ-এর মানসম্পন্ন সেবার জন্য বিএস- ১ এর ৫ ট্রান্সপন্ডারস বরাদ্দ নিয়েছে । এছাড়াও ব্যাংকের এটিএম সেবা প্রদানের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক বিএস-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে । প্রাথমিকভাবে ডাচ-বাংলা ব্যাংক এটিএম সেবা প্রদানে বিএস-১ এর ব্যান্ডউইথ নিয়েছে ।
ছবিঃ সংগ্রহ

