বাংলাদেশ আরব

বাংলাদেশ – আরব আমিরাত সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ – আরব আমিরাত সমঝোতা স্মারক স্বাক্ষর। বাংলাদেশ – সংযুক্ত আরব আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করনের অংশ হিসেবে দু দেশের মধ্যে বিনিয়োগ , ব্যবসা – বাণিজ্য , বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর এই স্মারকগুলো স্বাক্ষরিত হয় । এ সময় প্রেস সচিব ইহসানুল করিম ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন ।

বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এক ব্রিফিং-এ বলেন , “ মনে হচ্ছে , এর ভেতর দিয়ে বাংলাদেশ ও ইউএই-র মধ্যে ব্যবসার এক নতুন দ্বার উম্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে , যেটা আমরা আগে কখনো দেখিনি । “

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে , গভর্নমেন্ট অব দুবাইয়ের সাথে বাংলাদেশের সরকারি – বেসরকারি আংশীদারিত্ব ( পিপিপি ) চুক্তি । এতে সই করেছেন নৌ পরিবহন সচিব এম সামাদ ও ডিপি ওয়ার্ল্ড এর চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম ।

পররাষ্ট্র সচিব বলেন , ‘ এটার মূল ফোকাস হলো পোর্ট ও শিল্পপার্ক । কারণ , ডিপি ওয়ার্ল্ড বলছে , তারা যেখানে পোর্ট তৈরি করে , সেখানে পোর্টের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে না , শিল্পপার্কও তৈরি করে ।

বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির চুক্তি । এতে সই করেন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির সিইও সাইফ আল ফালাসি ।

পররাষ্ট্র সচিব বলেন , ‘ এটার মেইন ফোকাস হলো বাংলাদেশে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ । পায়রাতে ভূমিভিত্তিক এলএনজি রিসিভিং সেন্টার করা । পায়রাতে তারা ৩০০ একর জমি চেয়েছেন , যেখানে এটা করবেন ।‘

তৃতীয় সমঝোতা স্মারকে আমিরাতের রাজপরিবারের সদস্য ও বিনিয়োগকারী শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম এবং পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ সই করেন । এর আওতায় দুই ধাপে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট-এর এলএনজি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে ।

মাতারবাড়ি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা চতুর্থ চুক্তি । এতে সই করেন শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন , প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ ও বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর