বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
আসন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্স আলোচনার শুরুতে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, এবার নববর্ষে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না। এটা আমার বিশেষ অনুরোধ। আগামী ১৪ এপ্রিল শুরু হবে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর—বঙ্গাব্দ ১৪২৭। প্রতি বছর নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করে বাংলাদেশের মানুষ। বৈশাখের প্রথম সকালে চারুকলার যে ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়, তা এখন ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’। এখন নববর্ষের আয়োজন বন্ধের সিদ্ধান্ত জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কষ্ট হলেও সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়ে।
তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতে আপনারা করতে পারেন। বিশাল জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ।
শেখ হাসিনা বলেন, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখতে বলার বিষয়টি তার জন্য কষ্টের বিষয়। তিনি বলেন, কষ্ট বেশি লাগছে আমার। এটা ঠিক যে নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করে। কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে এই কারণে যে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই কিন্তু এটা আমরা বন্ধ রাখছি।কাজেই নববর্ষের অনুষ্ঠান আপনারা করবেন না। এটা আপনারা বন্ধ রাখবেন।
তিনি বলেন, কেউ যদি মনে করে করোনা ভাইরাসে আক্রান্ত হবার লক্ষণ দেখা দিয়েছে তাহলে সাথে সাথে পরীক্ষার ব্যবস্থা করবেন।
কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেটি গোপন না করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুকাতে যেয়ে নিজের সর্বনাশ করবেন না। পরিবারের সর্বনাশ করবেন না।
এছাড়া কাউকে খাদ্য সাহায্য দিতে গিয়ে জনসমাগম না করার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি দাবি করেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
ছবিঃ সংগ্রহ

