রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবির ১৫৮ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজ  

আজ পঁচিশে বৈশাখ , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মদিন । ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । রবীন্দ্রনাথ প্রথম নোবেল বিজয়ী বাঙ্গালী কবি । ১৯১৩ সনে গীতাঞ্জলী কাব্য গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরষ্কারে ভূষিত হন ।

প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে নোবেল জয়ী এই বাঙ্গালী কবির জন্মবার্ষিকী । বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীরা নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে কবির জন্মবার্ষিকীর এই দিবসটি ।  

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন । এবার কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ ।“

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি । বিশেষ বক্তা থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী , লেখক , গবেষক , সংগঠক , শিক্ষক অধ্যাপক সানজীদা খাতুন । স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল । রবীন্দ্র স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পরবর্তী সময়ে শিল্পকলা একাডেমিতে তিনদিনব্যাপী কবির চিত্রশিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি , নওগাঁর পতিরস এবং সিরাজগঞ্জের শাহাজাদপুরে চলছে নানা আয়োজন । শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর