স্বর্ণ স্বর্ণ

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে বুধবার (৮ জুলাই) স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। যা কিনা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। খবর, এএফপি।

বিশ্লেষকরা বলছেন,  করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বেড়ে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছে মানুষ। এছাড়া ডলারের দাম পড়ে যাওয়াও আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে।

করোনা মহামারির দ্বিতীয় দফায় সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। আর এ সুযোগেই বাড়ছে স্বর্ণের দাম।

গতকাল লন্ডনের বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৮০০.৮৬ ডলার হয়। যা গত সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ দাম। তবে প্রায় ৯ বছর আগে স্বর্ণের বর্তমানের দামের চেয়েও বেশি হয়েছিল। ২০১১ সালে ইউরোপের অর্থনৈতিক সংকটের সময় স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস যুক্তরাষ্ট্রের ঋণমান কমালে তখন বিশ্ববাজারে স্বর্ণের দাম যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ এক হাজার ৯২১.১৮ ডলারে উঠে।

এ বছর এরই মধ্যে স্বর্ণের দাম বেড়েছে ১৯ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, এ বছরই এক হাজার ৯০০ ডলার ছাড়িয়ে যেতে পারে স্বর্ণের দাম। অ্যাকটিভ ট্রেডসের প্রধান বিশ্লেষক কার্লো আলবার্তো ডে ক্যাসা বলেন, এটা নিয়ে খুব বেশি আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, কারণ অর্থনৈতিক নিম্নমুখিতার এই সময়ে সত্যিকারের নিরাপদ বিনিয়োগের স্বার্থে দাম বাড়বেই। যদিও বিনিয়োগকারীরা এখনও শেয়ারবাজারে বিনিয়োগ করছে কিন্তু তারা সেখানে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। যেটা রাখা যায় সোনায় বিনিয়োগে।

মার্কেটস ডটকমের প্রধান বাজার বিশ্লেষক নিল উইলসন বলেন, বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রীয় ব্যাংক যে প্রণোদনা দিচ্ছে তাতে মূল্যস্ফীতির ভয়ে অনেকে স্বর্ণে বিনিয়োগ করছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ছে। বর্তমানে দেশে সবচেয়ে ভালো মানের স্বর্ণ প্রতি ভরি প্রায় ৭০ হাজার টাকা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর