আবহাওয়া

বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা

চলতি সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া,  সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল, ভোলা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য  বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উপকূলীয় উত্তর অন্ধপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা  এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়  অবস্থান  করছে।  এর  একটি  বর্ধিতাংশ  উত্তর  বঙ্গোপসাগর  এলাকায়  অবস্থান  করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। 

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর