ভূমধ্যসাগরে ৩০-৩৫ বাংলাদেশি নিহত হওয়ার আশংকা
ভূমধ্যসাগরে ৩০-৩৫ বাংলাদেশি নিহত হওয়ার আশংকা
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ ভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবির ঘটনায় কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন বাংলাদেশি নিহত হওয়ার আশংকা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক ব্রিফিংএ বলেন , ‘ প্রাপ্ত তথ্য মতে , ডুবে যাওয়া নৌযানটির ৭৫ অবৈধ অভিবাসীর মধ্যে ৫১ জন বাংলাদেশি ছিল । এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে । বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন । এ থেকে আমাদের আশংকা আমাদের ৩০ থেকে ৩৫ জন নাগরিক নিহত হয়েছেন ।
আবদুল মোমেন ত্রিপোলির বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে কয়েকজন মিশর কর্মকর্তাকে তিউনেসিয়ায় ঘটনাস্থলে পাঠানোর কথা উল্লেখ করে বলেন , ‘ এখন পর্যন্ত ঠিক কয়জন মারা গেছেন , তা বলা সম্ভব নয় । আমরা যা জানতে পেরেছি তা হলো , উদ্ধার অভিযান এখনো চলছে । ‘
তিনি আরো বলেন , লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এখন তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে ।
যুদ্ধ-বিধস্ত লিবিয়ায় বাংলাদেশ কোন শ্রমিক পাঠাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন , ‘ এসব বাংলাদেশি নাগরিক সম্ভবত মানব পাচারকারীদের সহায়তায় মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে লিবিয়ায় ঢুকেছে ।‘
মন্ত্রী বলেন ,’ অনেক দিন আগ থেকে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আসছে । এটা কিভাবে বন্ধ করা যাবে জানি না । ‘
অবৈধ অভিবাসনের অভিপ্রায় নিয়ে যাতে বাংলাদেশের কোন নাগরিক দেশের সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অভিবাসন পুলিশকে নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার উপর জোর দেন তিনি ।
ছবিঃ সংগ্রহ

