মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এই আবেদন করে আব্দুল মাজেদ। কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়।
প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রমের জন্য তা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, প্রাণভিক্ষার আবেদন নাকচের পর মাজেদের সঙ্গে আত্মীয়-স্বজনের সাক্ষাৎ হতে পারে। তিনি বলেন, ফাঁসির রায় কার্যকরে কারা কর্তৃপক্ষের আর কোনো বাঁধা নেই। রায় কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।
গতকাল আদালত কর্তৃক মৃত্যুর পরোয়ানা কারাগারে পৌছানোর পর তা মাজেদকে পড়ে শুনানো হয়। এর পর পরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন তিনি।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সবদোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চায় মাজেদ। আমরা তার আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেই। গতকাল কারাগারে মৃত্যু পরোয়ানা পৌঁছালে তাকে পড়ে শোনানো হয়। পরে সে প্রাণভিক্ষা চায়।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, আবেদন খারিজের পর এখন মাজেদের সঙ্গে আত্মীয়-স্বজনের সাক্ষাৎ হতে পারে। দন্ড কার্যকরে আর কোনো বাঁধা নেই। মৃত্যুদন্ডাদেশ কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু হত্যা মামলা আপিল বিভাগের সামনে বিচারাধীন নেই এবং আপিল করার যে সময়সীমা ছিল তাও অনেক আগে শেষ হয়ে গেছে। এ কারণে এ আসামি আপিল করার সুযোগ ও অধিকার হারিয়েছে।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও বলেন, আবেদন খারিজের ফলে যেকোনো সময় মৃত্যুদন্ডাদেশ কার্যকর হবে। আর পলাতক থাকায় এই আসামি আপিল করার সব অধিকার হারিয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডে সরাসরি অংশ নিয়েছিল এই মাজেদ। তখন সে ছিল সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদকে সোমবার দিবাগত রাতে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গতকাল এ মামলার বিচারিক আদালতে তাকে আনা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তার মূত্যু পরোয়ানা জারি করে আদেশ দেন আদালত। কালই এ পরোয়ানা কারাগারসহ সংশ্লিষ্ট সব জায়গায় পৌঁছে দেয়া হয়।
বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ৪৫ বছর, নৃশংস ওই হত্যাকান্ডের মামলার ২৫ বছর এবং উচ্চ আদালতের রায়ে ৫ আসামির ফাঁসি কার্যকরের ১১ বছর পর গ্রেফতার হয় মাজেদ। প্রায় ২৩ বছর মাজেদ ভারতে পালিয়ে ছিল বলে স্বীকার করে।
আব্দুল মাজেদ গ্রেফতার হওয়ার পর এখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদপ্রাপ্ত পাঁচ খুনি পলাতক রয়েছে। তারা হল-খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, এস এইচ এম বি নূর চৌধুরী ও এ এম রাশেদ চৌধুরী। তারা সবাই বরখাস্ততকৃত সাবেক সেনা কর্মকর্তা। এই পাঁচ খুনি পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক অবস্থায় আছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
ছবিঃ সংগ্রহ

