রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন । নয়াদিল্লীতে সিঙ্গাপুরের উপ – প্রধানমন্ত্রী হেং সুয়ি কিট- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা কামনা করেন ।
তিনি বলেন , ‘ রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা । সিঙ্গাপুর নানাভাবে মিয়ানমারের সঙ্গে জড়িত রয়েছে । রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটকে স্মরণ করে দেন যে তার দেশ যখন আশিয়ানের চেয়ারম্যান তখন রোহিঙ্গা ইস্যু বিশ্বের সামনে উঠে এসেছে ।
সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন । কিভাবে বাংলাদেশ এ অসামান্য অগ্রগতি অর্জন করেছে তিনি তা জানতে চান । জবাবে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কৃষি, শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে ।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন , ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী , পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন । এছাড়া সিঙ্গাপুরের দুইজন মন্ত্রীও এসময় উপস্থিত ছিলেন ।
ছবিঃ সংগ্রহ

