সতর্ক সংকেত আবহাওয়া

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তরমুখে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর-অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা-দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর