সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের জন্য হজ্জ প্যাকেজ নির্ধারণ
সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের জন্য হজ্জ প্যাকেজ নির্ধারণ
সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের জন্য হজ্জ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত প্যাকেজ হজ্জ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।
অনুমোদিত প্যাকেজের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে বলা হয়েছে, বাংলাদেশ পর্বে কোন ব্যয় বৃদ্ধি হয়নি। সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এ সর্বমোট ৫,২৭,৩৪০.০০ টাকার প্রস্তাব করা হয়েছে, যা ২০২০ সনের তুলনায় ১,০২,৩৪০.০০ টাকা বেশি। ২০২০ সালে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৩.০০ টাকা। এখন এই বিনিময় হার ২৪.৩০ টাকা। এটিও প্যাকেজ মূল্য বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া সৌদি আরব পর্বে সকল খাতের উপর ১৫ ভাগ ভ্যাট, সার্ভিস চার্জ, কর অন্তর্ভুক্ত করা হয়েছে। মোয়াচ্ছাছা এর খরচ দ্বিগুণ হয়েছে। বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে। প্যাকেজ মূল্য বৃদ্ধির জন্য এই কারণগুলো দায়ী।
সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২ এ সর্বমোট ৪৬২,১৫০.০০ টাকার প্রস্তাব করা হয়েছে, যা ২০২০ সনের তুলনায় ১,০২,১৫০.০০ টাকা বেশি। ২০২০ সনে ৩,১৫,০০০.০০ টাকার তৃতীয় আরেকটি প্যাকেজ ছিল। এ বছর ৩য় প্যাকেজ রাখা হয়নি। ২০২০ সনের ৩টি প্যাকেজের যে কোনটিতে নিবন্ধিত হজ্জযাত্রীকে ২০২২ সনের জন্য ঘোষিত প্যাকেজ-১ অথবা প্যাকেজ-২ এর যে কোন একটি প্যাকেজ নির্বাচন করে, প্যাকেজ স্থানান্তরের মাধ্যমে ২০২২ সনের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে ব্যাংকসমূহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ই-হজ্জ সিস্টেমে প্যাকেজ স্থানান্তরের উক্ত অর্থ প্রাপ্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করবে। অর্থ প্রাপ্তি নিশ্চিত হলে, হজ্জযাত্রীকে ই-হজ্জ সিস্টেম হতে তাঁর পিলগ্রিম আইডি (চওউ) প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় , দ্বি-পাক্ষিক হজচুক্তি মোতাবেক বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪,০০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩,৫৮৫ জনসহ সর্বমোট ৫৭,৫৮৫ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাবেন। হজ্জযাত্রীর বিমান ভাড়া, সৌদি আরবের বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, মুয়ালি¬ম ফি, জমজমের পানি, খাবার খরচ এবং অন্যান্য ফি হিসেব করে ২০২২ সালের সরকারি ব্যবস্থাপনার জন্য ২টি প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনার এজেন্সিসমূহের জন্য একটি প্যাকেজের প্রস্তাব করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সৌদি সরকারের হজ্জের ঘোষণা প্রদানে বিলম্ব এবং এখন পর্যন্ত সৌদি আরব হতে জনপ্রতি প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায়, সম্ভাব্য ব্যয় বিবেচনা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২২ খ্রিষ্টাব্দে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের জন্য হজ্জ প্যাকেজ নির্ধারণ করেছে। অন্যদিকে যদি কোনো কোটা খালি থাকে, তাহলে অবশিষ্ট কোটা পূরণের জন্য সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রম অনুসারে পরিচালক, হজ্জ অফিস ঢাকার অনুমোদনক্রমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন। ২০২০ সনে যে সকল নিবন্ধিত হজ্জযাত্রী প্যাকেজ স্থানান্তরের মাধ্যমে ২০২২ সনে নিবন্ধন চূড়ান্ত করবেন না, অথবা হজে যেতে পারবেন না, তাঁদের হজ নিবন্ধন বাতিল হবে এবং তাঁরা বিধি মোতাবেক প্রদত্ত অর্থ ফেরত পাবেন।
ছবিঃ সংগ্রহ

