সর্বোচ্চ দামের রেকর্ড স্বর্ণের বাজারে
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড করে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এনিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে তৃতীয়বারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলো।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। এর আগে গত ২ ও ৬ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি দাম বাড়ানো হয়। ৫ দিনের ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯০২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

