বই উৎসব (2)

সারাদেশে আজ বই উৎসব

আজ ১ জানুয়ারি। প্রতি বছরের মতো এবারও ২০২০ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে আজ পালিত হচ্ছে বই উৎসব। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে উৎসবের মধ্য দিয়ে তুলে দেওয়া হবে নতুন বই।

প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো বছরের প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ৩,৫৩,১৪৪,৫৫৪টি বই বিতরণ করা হচ্ছে আজ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই উৎসবের উদ্বোধন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।উৎসবে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন।

সকাল ১০টায় সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। ২০১০ সাল থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর