স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে কাওমি মাদ্রাসা
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে কাওমি মাদ্রাসা
স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদ্রাসা। মাদ্রাসাগুলোর দাবির প্রেক্ষিতে এই অনুমতি দেয় সরকার।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
স্বাস্থ্যবিধি মেনে সুবিধা মত সময়ে কওমি মাদ্রাসাগুলো এসব পরীক্ষা নিতে পারবে বলে জানান তিনি।
সচিব বলেন, আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদ্রাসা আপিল করেছিলো তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিতে চায়। সেটা গভর্নমেন্ট সম্মতি করেছে। অর্ডার জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদ্রাসা খুলবে না। কিতাব বিভাগ খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
করোনা মহামারির কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কওমি মাদ্রাসায়ও পাঠ দান বন্ধ করা হয়। এই পরিস্থিতিতে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে কওমি মাদ্রাসাগুলো।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস বাস্তবতায় দেশে স্কুল কলেজ খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে এইচএসসি, জেএসসির মতো পরীক্ষাগুলোর বিষয়ে জোর দিয়ে ভাবা হচ্ছে।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগ পর্যন্ত প্রণয়ন করা আইনগুলো নতুনভাবে না করে শুধুমাত্র সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক নীতি ও কৌশল নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করার স্বার্থে মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ছবিঃ সংগ্রহ

