স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন
স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন
ঢাকা আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে স্ত্রী আয়েশা আবেদের পাশে স্যার ফজলে হাসান আবেদকে দাফন করা হয় । এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে দশটায় তাঁর মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাদের পাশাপাশি হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়।
বেলা সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামে জানাজায় অংশগ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ অনেকে।
রবিবার সকাল সাড়ে ১০টায় স্যার ফজলে হাসান আবেদের মরদেহ রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনা হয়। শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা জানান।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষজন শেষ শ্রদ্ধা জানান।
স্যার ফজলে হাসান আবেদের স্মরণে আজ রবিবার দুপুর ২টা থেকে মহাখালীস্থ প্রধান কার্যালয় ব্র্যাক সেন্টারে একটি শোকবই খোলা হবে। এছাড়া আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার এবং সারাদেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শোকবই থাকবে ৩০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ রাজধানীর বারিধারায় অ্যাপোলো হাসপাতালে শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে ইন্তেকাল করেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ছবিঃ সংগ্রহ

