হজ্জে অংশ নিচ্ছে না এশিয়ার চার দেশ
হজ্জে অংশ নিচ্ছে না এশিয়ার চার দেশ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের হজ্জ পালন নিয়ে সৃষ্টি হয়েছে সংকট। সৌদি আরব সীমিত পরিসরে হজ্জ পালনের কথা ভাবলেও কাগজে-কলমে তারা কোন সিদ্ধান্তে আসতে পারেনি। কেননা দেশটিতে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই এই চার দেশ এবারের হজ্জে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে।
করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ্জ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। তিনি বলেন, আমি আশা করি হজ্জে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন। এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজ্জ যাত্রা বাতিল হতে যাচ্ছে।
এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াও এ বছর নিজ দেশের নাগরিকদের হজ্জ যাত্রা বাতিল করে। এতে করে দেশটির ২ লাখ ২১ হাজার মানুষের হজ্জ যাত্রা বাতিল হয়।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো একই রকম সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর। ব্রুনাই সরকারের এ সংক্রান্ত সিদ্ধান্ত বর্নিও বুলেটিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার কোনও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় ব্রুনাই হজ্জ যাত্রীদের আগে নিবন্ধিত হওয়া সত্ত্বেও আসন্ন হজ্জের প্রস্তুতি বাতিল করেছে।
আগামী কয়েক দিনের মধ্যে সৌদি সরকার হজ্জের বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ এ ব্যাপারে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ্জ আগামী ৩০ জুলাই হওয়ার কথা রয়েছে। এর আগে প্লেগ রোগের প্রাদুর্ভাবে মহামারির কারণে প্রথম হজ বাতিলের ঘটনা ঘটে ৯৬৭ সালে।
ছবিঃ সংগ্রহ

