কাবা

হজ্জ রেজিস্ট্রেশন কোটা পূরণের লক্ষ্যে নিবন্ধনের সময়সীমা  ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজ্জে যাওয়ার সুযোগ আছে। নিবন্ধন কোটা শেষ হয়ে গেলে নিবন্ধনের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৯ জানুয়ারি হজ্জের জন্য সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে সরকার। চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ করার সুযোগ পাবেন।

এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৩৫ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন।  এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজ্জ যাত্রী জেদ্দা বিমানবন্দর দিয়ে  এবং বাকি ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে যাবেন।

এদিকে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ্জ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ্জ পালনে খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ্জ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরসঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ।

এদিকে, সৌদি আরব বিশ্বব্যাপী ইচ্ছুক হজ্জ যাত্রীদের জন্য সার্ভিস চার্জ কমানোর কারণে  সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ্জ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে সরকার। ১১ হাজার ৭২৫ টাকা বাদ দিয়ে এ বছর হজ্জ করতে সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালনকারীদের প্রত্যেককে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা দিতে হবে।

এছাড়া যারা বেসনকারি ব্যবস্থাপনায় যাবেন তাদের প্রত্যেককে  ১১ হাজার ৭২৫ টাকা বাদ দিয়ে ছয় লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা দিতে হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর