কাবা

হজ্জ যাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন শুরু হবে  আগামী ১৬ এপ্রিল থেকে, শেষ হবে ৩০ এপ্রিল। বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার হজ্জ যাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ঢাকা ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং আশকোনা হজ অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীরা যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন।

আর বেসরকারি ব্যবস্থাপনার হজ্জ যাত্রীরা নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টসমূহ নিজ নিজ এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ নেবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ্জে অংশ নিতে পারবেন।

ছবিঃ সংগ্রহ

 

 

আরও খবর