১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার তৃতীয় দফায় দেশে সাধারণ ছুটি আরও ৩ দিন বাড়িয়েছে। এর ফলে ছুটি আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। মূলত পয়লা বৈশাখের দিন সাধারণত ছুটি থাকে। এ জন্য ১২ ও ১৩ তারিখ ছুটির সিদ্ধান্ত নিয়ে মোট তিনদিন সাধারণ ছুটি থাকবে।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে বলা হয়েছে, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত থাকে। সে মোতাবেক ১১ এপ্রিল পর্যন্ত ছুটি থাকার কথা। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে এ ছুটি এখন ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।
ছবিঃ সংগ্রহ

