আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা । মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ । মুসলিম বিশ্বে শোক ও ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত এই পবিত্র দিন ।
৬১ হিজরির ১০ মুহাররম প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ ) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন ( রাঃ ) ও তাঁর পরিবার কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন । তাই পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন । সারাবিশ্বের মুসলিমগণ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিবসটি পালন করে ।
বাংলাদেশেও আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে দিবসটি । পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন । প্রধানমন্ত্রী বলেছেন , জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে পবিত্র আশুরা থেকে শিক্ষা নিতে হবে । আজ সরকারি ছুটির দিন ।
ধর্মপ্রাণ মুসলমানগণ নফল রোজা , নামাজ , জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন । আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে । হোসনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের হবে ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ প্রবন্ধ , নিবন্ধ প্রকাশ করেছে । বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও এবং টিভি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে ।
তাজিয়া শোক মিছিলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । এ বছর তাজিয়া মিছিলে ঢোল বাজিয়ে ছুরি , তলোয়ার ও লাঠিখেলা নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার ।
এছাড়া তাজিয়া মিছিলে ১২ ফুটের বেশি বড় নিশান , ব্যাগ , পোঁটলা , টিফিন ক্যারিয়ার বহন ও আগুন ব্যবহার করা যাবে না । মাঝপথে কেউ মিছিলে অংশ নিতে পারবেনা বলে উল্লেখ করেন ডিএমপি ।
এইচ/এ/
ছবিঃ সংগ্রহ

