ঈদে মিলাদুন্নবী

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে আজ রাতে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই লাইলাতুল কদরের রজনী।

প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। সে হিসেবে আজ সোমবার রাতে পালিত হবে লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান।

শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।

ইসলাম ধর্ম অনুসারে, এই রাতে মহানবী মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। হাদিসের বর্ণনা অনুসারে ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত শবেকদর হতে পারে।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।

পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা ও দোয়া আয়োজন করা হয়েছে।

আরও খবর