রাশিয়া

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে বিপজ্জনক অভিযান আখ্যা দিয়ে এটি  আঞ্চলিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে ইরান ও ইসরাইলে অবস্থানরত নিজ নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো।

মস্কো  থেকে এএফপি জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন ও তেলআবিব আবারও এমন এক বিপজ্জনক অভিযানে নেমেছে, যা দ্রুত পুরো অঞ্চলকে মানবিক, অর্থনৈতিক এবং সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের কিনারায় নিয়ে যাচ্ছে।

তারা অভিযোগ করে, আগ্রাসীদের উদ্দেশ্য স্পষ্ট ও প্রকাশ্য—একটি অনাকাঙ্ক্ষিত রাষ্ট্রের সাংবিধানিক শৃঙ্খলা ধ্বংস করা এবং এমন একটি সরকারকে উৎখাত করা, যা শক্তি ও আধিপত্যবাদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে।

রাশিয়া বলেছে, এই মানবসৃষ্ট সংকট -এর নেতিবাচক পরিণতি এবং সহিংসতার সম্ভাব্য অনিয়ন্ত্রিত বিস্তারের সম্পূর্ণ দায় হামলাকারীদের ওপর বর্তাবে।

মস্কো আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে তারা সহায়তা করতে প্রস্তুত।

ইউক্রেন অভিযানের সময় তেহরান মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়। ২০২৫ সালে রাশিয়া ও ইরান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা।

কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, ইরান রাশিয়াকে ইউক্রেনে অভিযানের জন্য শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

আরও খবর