রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বান কি মুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বান কি মুন
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ বুধবার বিকেল সোয়া ৪টায় কক্সবাজারের উখিয়ায় পৌঁছান । সেখানে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হেলিকপ্টারে করে উখিয়ার ২০ নং ক্যাম্প এক্সটেনশনে তৈরি হেলিপেডে অবতরণ করেন । কুতুপাংলয়ে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন মুন ।
এসময় তাঁর সঙ্গে ছিলেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন , বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জার্জিভা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন । সেখানে তারা গাছের চারা রোপণ করেন । সেখানে তিনি দেশি – বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ।
জাতিসংঘ মহাসচিব থাকাকালীন ২০০৮ সালে প্রথমবার ও ২০১১ সালে দ্বিতীয়বার তিনি বাংলাদেশ সফর করেন ।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে স্থানীয় পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার । ১১ লক্ষ রোহিঙ্গার আশ্রয় তৈরি করতে পাহাড় কাটা হচ্ছে , উজাড় হচ্ছে বন । এতে স্থানীয় মানুষের জীবন-যাপনেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিকূলতা ।
মঙ্গলবার রাতে বান কি মুন ঢাকায় পৌঁছান । বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন । এরপর তিনি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ ঢাকা মিটিং অব দ্যা গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন ‘ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ।
ছবিঃ সংগ্রহ

