সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে
আগামী পাঁচ দিনে সারাদেশে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে দেশের ওপর শীতের প্রভাব আরও বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ২৬ ও ২৭ ডিসেম্বর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এ সময় শীতের অনুভূতি আগের মতোই বজায় থাকবে।
চতুর্থ দিন (২৮ ডিসেম্বর) আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। পঞ্চম দিন (২৯ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে শীতের অনুভূতি বাড়ার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার প্রকোপও বজায় থাকবে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

